Politics
আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যক্ষ করেছি: জবি শিক্ষক সমিতির সভাপতি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন (জকসু) সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রইছ উদ্দিন।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে অধ্যাপক রইছ উদ্দিন বলেন, ছোটখাটো কিছু অনিয়মের অভিযোগ থাকলেও সামগ্রিকভাবে নির্বাচনটি গ্রহণযোগ্য হয়েছে। শিক্ষক সমিতি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে না; বরং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ পুরো বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে। সেই অবস্থান থেকেই নির্বাচন পর্যবেক্ষণ করা হয়েছে। তিনি বলেন, “এখন পর্যন্ত আমরা একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন দেখেছি।”
নির্বাচন চলাকালে কিছু অনিয়ম ও বিভ্রান্তির কথা উল্লেখ করে তিনি জানান, এসব বিষয় নির্বাচন কমিশনের নজরে আনা হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রেই তা সমাধান করা সম্ভব হয়েছে।
দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর দেশ যে নতুন বাংলাদেশের প্রত্যাশা করেছে, সেই চেতনার প্রতিফলন নির্বাচনী আচরণেও থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। অধ্যাপক রইছ উদ্দিন বলেন, নির্বাচনে পক্ষ-বিপক্ষ থাকা স্বাভাবিক, তবে দিন শেষে সবাইকে ভোটার হিসেবে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে।
তিনি আরও বলেন, জয়-পরাজয়ের হিসাবের বাইরে ১৮ হাজার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সম্মিলিত স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই চেতনা শুধু বক্তব্যে নয়, আচরণেও প্রকাশ পাওয়া দরকার।
নির্বাচনের সময় কয়েকটি কেন্দ্রে এজেন্টদের ভোটার তালিকা নিয়ে প্রবেশে জটিলতা তৈরি হয়েছিল জানিয়ে তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অধ্যাপক রইছ উদ্দিন বলেন, শিক্ষক সমিতি কোনো নির্দিষ্ট প্যানেলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেয় না। যিনি নির্বাচিত হবেন, তিনিই সবার প্রতিনিধি। বিভাজন বা দোষারোপের রাজনীতিকে শিক্ষক সমিতি সমর্থন করে না।